রাজবাড়ী জেলার বালিয়াকান্দি নারুয়া বাজারে ভাই-ভাই সেনেটারিজ দোকানে পরিকল্পিত ভাবে নাশকতার উদ্দেশ্যে কাঠের লাঠি ও ইটপাটকেল মজুদ রাখায় গতকাল ১১ই ফেব্রুয়ারি দুপুরে দোকানী মোঃ হিলাল উদ্দিন (৩৮)কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
এর আগে যৌথ বাহিনী সেখানে অভিযান পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) এহসানুল হক শিপন। দন্ডপ্রাপ্ত মোঃ হিলাল উদ্দিন উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের আজগর আলী মন্ডলের ছেলে।
সহকারী কমিশনার(ভূমি) এহসানুল হক শিপন বলেন, ভোট গ্রহণের আগে ও পরে ভোটারদের মধ্যে আতংক সৃষ্টি করতে ভাই-ভাই সেনেটারিজ দোকানে ৫৪টি কাঠের লাঠি ও ৫ ব্যাগ ইটপাটকেল মজুদ রাখা হয়েছিলো। সেখানে বিএনপির সংসদ সদস্য প্রার্থীর একাধিক ফেস্টুন ব্যানার দেখা গেছে।
তিনি আরো বলেন, দন্ডপ্রাপ্ত ব্যক্তি স্বীকার করেছেন কাঠের লাঠি ও ইটপাটকেল মারামারি করার উদ্দেশ্যে রাখা হয়েছিলো। তবে সেগুলো তার বড় ভাই মোঃ বিল্লাল উদ্দিন রেখেছে। তবে বিল্লাল উদ্দিনকে মোবাইল ফোনে একাধিকবার দোকানে আসতে বললেও তিনি আসেন নাই। এজন্য ১৮৬০ এর ১৭১(চ) নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইটপাটকেল মজুদ করার দায়ে মোঃ হিলাল উদ্দিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
বালিয়াকান্দি আর্মি ক্যাম্পের একদল সেনা সদস্য ও পুলিশের একটি দল তল্লাশী অভিযানে ও মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।



