নির্বাচনী ব্যয় মেটাতে প্রধান উপদেষ্টার কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করা রাজবাড়ী-২ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের “ছড়ি” প্রতীকের প্রার্থী আব্দুল মালেক মন্ডল জামানত হারিয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৬৬।
নির্বাচন কমিশনের জারি করা পরিপত্র অনুযায়ী কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। অন্যথায় তার জামানত বাবদ জমা দেওয়া ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত হবে।
মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হয়। এ অর্থ নগদ, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে ইসির অনুকূলে জমা দেওয়া হয়।
জানা গেছে, রাজবাড়ী-২ আসনে মোট ভোটার ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। এই আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ১৯৪ টি। রাজবাড়ী-২ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মন্ডলের ফলাফল পর্যালোচনা করে দেখা যায় তিনি সর্বসাকুল্যে ভোট পেয়েছেন ২৬৬ টি। অর্থাৎ মোট ভোটারের বিপরীতে তিনি ভোট পেয়েছেন ০.০৫ শতাংশ।
রাজবাড়ী-২ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ১৯৪টি। মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট হচ্ছে ৪৫ হাজার ৩৯৯টি। ইসির পরিপত্র অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেবে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মন্ডল পেয়েছেন ২৬৬টি ভোট। যার প্রেক্ষিতে তার জামানত বাজেয়াপ্ত হবে।
উল্লেখ্য, গত ২রা ফেব্রুয়ারি রাজবাড়ী-২ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মন্ডল তার এলাকার নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সাহায্য চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রাধন উপদেষ্টা বরাবার আবেদন করেন। গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুন-অর-রশিদ (ধানের শীষ) ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।



