রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ হারুন-অর রশিদ।
বিজয়ের পরপরই তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট নির্দেশ দেন কোনো ধরনের বিজয় মিছিল, রং ছিটানো বা আতশবাজি ফোটানো যাবে না।
বরং তিনি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাতে সবাইকে শোকরানা নামাজ আদায়ের আহ্বান জানান। তাঁর এই আহ্বান দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং এলাকায় শান্ত পরিবেশ বজায় থাকে।
গতকাল ১৩ই ফেব্রুয়ারি সকালে রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত মোঃ হারুন-অর রশিদ পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে গিয়ে পিতা-মাতার কবর জিয়ারত করেন। পরে স্থানীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে স্বল্পসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিজয়ের আনন্দে উচ্ছ্বাস প্রকাশের পরিবর্তে সংযম ও কৃতজ্ঞতার বার্তা দিয়ে হারুন-অর রশিদ রাজনৈতিক অঙ্গনে এক ভিন্ন বার্তা দিয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।
উল্লেখ্য, রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুন-অর-রশিদ (ধানের শীষ) প্রতীকে ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির এনসিপির জামিল হিজাযী (শাপলা কলি) প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট ।



