রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ২জন আসামীকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
গত ৩রা মার্চ রাত সোয়া ১টার দিকে ঢাকা জেলার ধামরাই থানার ইসলামপুর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মকবুল মন্ডলের ছেলে আকাশ মন্ডল(২৯) এবং বাজেয়াপ্ত বাগলী গ্রামের আরশেদ মন্ডলের ছেলে জামাল মন্ডল(২২)।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণীর সাথে প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে পাংশা উপজেলার সরিষা গ্রামের সৌদি প্রবাসী সজলের টিকটকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ১৪ই ফেব্রুয়ারি তাদের সম্পর্কের অবসান হয়।
এরপর সজলের বন্ধু আকাশ মন্ডল তরুণীকে ফোন করে পাংশায় এনে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। গত ২৭শে ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে ওই তরুণী বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আকাশ তাকে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে আগে থেকেই জামাল মন্ডল অবস্থান করছিল।
অভিযোগে বলা হয়, রাত সাড়ে ১১টার দিকে তারা খুনের ভয় দেখিয়ে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তার কাছে থাকা প্রায় ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণের দুল, নগদ ১০ হাজার টাকা এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ৩ হাজার ৪০০ টাকা নিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-০১, তাং-০১/০৩/২০২৬ইং।
ভুক্তভোগী ওই তরুণী ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা। বর্তমানে সে গাজীপুর মহানগর এলাকায় বসবাস করে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতার দুই আসামী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ধৃত আসামী আকাশ মন্ডলের নামে পাংশা থানায় ০৬টি মামলা এবং মোঃ জামাল মন্ডল এর নামে পাংশা থানায় ০১টি অস্ত্র, ০১টি দস্যুতা মামলাসহ ৪টি মামলা রয়েছে।



