দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল ৪ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত কেন্দ্রীয় যুবদলের প্যাডে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারাদেশে আরও লেখা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি) ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এতে বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জানতে জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল বলেন, আমার জটিল একটি অপারেশন হবার কারণে আমি কয়েকদিন বিশ্রামে রয়েছি। বহিষ্কারের বিষয়টি আমার জানা নেই।
জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিঃ মোঃ আমিনুর রহমান ঝন্টু বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাউসার মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাউসার মাহমুদ বলেন, দল না জেনে বা তদন্ত ছাড়াই আমার ওপর অবিচার করেছে। দলের প্রতি আমার বিশ্বাস, ভালোবাসা ও শ্রদ্ধার জায়গা থেকে আমি দলকে পুনঃ তদন্তের জন্য অনুরোধ করছি। কেন্দ্রীয় যুবদল আমার বিরুদ্ধে যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে আমি এর পুনঃ তদন্ত দাবি করছি। আমি বিশ্বাস করি দল পুনঃ তদন্ত করলে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়ে আমি আবার স্বপদে ফিরতে পারবো ইনশাআল্লাহ।



