বর্তমান সরকার নির্বাচনী ইস্তেহার অনুযায়ী আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
গতকাল ২২শে মার্চ দুপুরে রাজবাড়ী জেলার পাংশা ও ঝিনাইদহের শৈলকুপা গড়াই নদীর উপর নির্মাণাধীন নাদুরিয়া গড়াই সেতু পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ফ্যাসিবাদ আমলে প্রকল্প শুরু হতো, তবে সেই প্রকল্প শেষ হওয়ার সীমা নির্ধারণ ছিলো না। এতে করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেত। ২০২০ সালে গড়াই সেতুর কাজ শুরু হলেও ২০২৬ সালে এসেও এই সেতুর কাজ শেষ হয়নি। অথচ কাজ শেষ হওয়ার কথা ছিলো ২০২৩ সালের মধ্যে। এই সেতুর মতো সারাদেশে পতিত সরকার প্রকল্প ব্যয় বৃদ্ধি করে আমাদের উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। সেখান থেকে মুক্তি পেতে আমরা সঠিক সময়ে প্রকল্প শেষ করতে কাজ করছি। আমরা বিশ্বাস করি কথা নয় কাজ দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হয়।
এ সময় আইন মন্ত্রী ও ঝিনাইদহ-৪ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য মোঃ আসাদুজ্জামান বলেন, আজ আমরা ঠিকাদার এবং প্রশাসনকে নির্দিষ্ট একটি সময় বেঁধে দিয়েছি। সেতুর কাজ যেহেতু ৭০ ভাগ শেষ হয়েছে তাই আগামী ৭ই নভেম্বর আমরা এ সেতু উদ্বোধন করতে পারবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ, রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ আব্দুস সালাম মিয়া, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা ও বিএনপি নেতা ইমরান হোসেন প্রমুখ।


