রাজবাড়ীতে জ্বালানি তেল সংকটের কারণে ভোক্তা পর্যায়ে তেল সরবরাহ বন্ধ থাকায় এতে বিপাকে পড়েছে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মোটর সাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের চালক ও কৃষকেরা। তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
গতকাল ২৩শে মার্চ সকাল ১১টার দিকে জেলার বেশ কয়েকটি ফিলিং স্টেশনে গিয়ে তেল এ চিত্র দেখা গেছে।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলায় ৫টি, পাংশায় ২টি, কালুখালীতে ১টি, গোয়ালন্দ উপজেলায় ১টি ও বালিয়াকান্দি উপজেলায় ১টি সহ জেলায় মোট ১০টি ফিলিং স্টেশন রয়েছে। এসব ফিলিং স্টেশনগুলোতে তেল সংকটের কারণে তিন দিন ধরে তেল সরবরাহ বন্ধ রয়েছে। কোন কোন ফিলিং স্টেশনে সীমিত পর্যায়ে তেল সরবরাহ করা হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে।
এছাড়াও পাংশা, কালুখালী, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলার কোন ফিলিং স্টেশনে ঈদের আগে থেকেই তেল সরবরাহ বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী শহরের পলাশ ফিলিং স্টেশন, রাজবাড়ী ফিলিং স্টেশন ও কাজী ফিলিং স্টেশনে তিন দিন ধরে কোন তেল ছিলো না। আজ দুপুরের পর পলাশ ফিলিং স্টেশনে পেট্রোল ও ডিজেল দেওয়া শুরু করলে সেখানে চালকদের লম্বা সিরিয়াল তৈরি হয়। তেল না থাকায় রাজবাড়ী ফিলিং স্টেশন ও কাজী ফিলিং স্টেশনে প্রবেশমুখ বাঁশ ও দড়ি দিয়ে আটকে দিয়েছে। গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশন ও স্বপ্তবর্ণা ফিলিং স্টেশনে সীমিত পর্যায়ে তেল সরবরাহ করা হলেও যানবাহনের চাপে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
কয়েকজন চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, তেল না পাওয়াতে তারা বিপাকে পড়ছেন। অনতিবিলম্বে জ্বালানি তেলের সংকট নিরসনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
ফিলিং স্টেশন মালিকরা জানান, ঈদের ছুটির কারণে ডিপো বন্ধ থাকায় তারা ডিপো থেকে তেল তুলতে পারেনি, এছাড়াও ব্যাংক বন্ধ হওয়ার কারণে অনেকেই পে-অর্ডার করতে পারেনি। যার কারণে আজ ডিপো খুললেও অনেকে তেল নিতে পারছেনা। এ কারণে ফিলিং স্টেশনগুলোতে তেল সংকট তৈরি হয়েছে। ব্যাংক খুললে তেল সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তারা।
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) মোঃ হাফিজুর রহমান জানান, ঈদের ছুটির কারণে গত ২দিন ডিপো থেকে তেল সরবরাহ না করার অধিকাংশ পাম্পেই তেল শেষ। আমরা খোঁজ নিয়ে জেনেছি ডিপো থেকে তেল সরবরাহ করা শুরু হয়েছে। আজকে সবগুলা পাম্প তেল পাবে আশা করছি। এছাড়াও গোয়ালন্দ মোড়ের সপ্তবর্ণা ও করিম ফিলিং স্টেশনে সীমিত পরিসরে তেল দেওয়া হচ্ছে।


