ঢাকা সোমবার, মার্চ ২৩, ২০২৬
রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সৌজন্যে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০৩-২২ ১৮:২১:৩৭

রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ আব্দুস সালাম মিয়ার সৌজন্যে গতকাল ২২শে মার্চ রাতে জেলা পরিষদ প্রাঙ্গণে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, বর্তমানে দেশ ঋণের বোঝায় ন্যুব্জ। সেখান থেকে আমরা বেরিয়ে আসবো। আমরা অভ্যন্তরীণ ঋণ করবো না। আমরা কর ব্যবস্থায় কাঠামোগত সংস্কার করছি। ইতিমধ্যেই জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগ, শুল্ক বিভাগ ও মূল্য সংযোজন কর এগুলোতে তিনটি টাস্কফোর্স গৃহীত হয়েছে। আমরা অপচয়, কর জালিয়াতি, কর পরিহারের সংস্কৃতি থেকে জনগণের কাছে জবাবদিহিমূলক এবং ন্যায্য ভিত্তি কর ব্যবস্থা দিতে চাচ্ছি। 
 তিনি বলেন, ফ্যাসিবাদি সরকারের আমলে বাংলাদেশের কর জিডিপির হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনি¤œ ছিল এবং তারা পৃথিবীতেও সর্বনি¤œ অবস্থায় রেখে গিয়েছিল জিডিপির হার। কারণ তারা ঋণের একটা মচ্ছব করেছে। আমরা সেখান থেকে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ করবো এবং অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের লক্ষ্যে আমরা কর পরিহার, কর জালিয়াতি এবং বিভিন্ন প্রকার যে ফন্দিফিকির করা হয়েছে সেখান থেকে বেরিয়ে আসবো। তাহলে আমাদের শেষ প্রান্তিকে করের পরিমাণ বেড়ে যাবে। 
 জেলা পরিষদ নিয়ে তিনি বলেন, জেলা পরিষদের অনেক জমি অবৈধ দখল হয়ে আছে। জেলা পরিষদের যে পরিমাণ জমি আছে, এই জমি যদি জেলা পরিষদের আওতাভুক্ত হয় তাহলে এই প্রতিষ্ঠান চালাতে সরকারের অর্থ দরকার হয় না। জেলা পরিষদের যে পরিমাণ বেদখল হয়েছে, এই দখলদারিত্ব মুক্ত যদি হতে পারে তাহলে জেলা পরিষদগুলো নিজস্ব অর্থায়নে চলতে পারবে। 
 তিনি আরও বলেন, আমরা আশাকরি অন্তবর্তীকালীন সময়ে জেলা পরিষদের নতুন নিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মিয়া এমন একটা জেলা পরিষদের দিকে যাবেন এবং যে সমস্ত কর্মসূচি তিনি গ্রহণ করবেন তাতে করে রাজবাড়ীতে জেলা পরিষদ যেন একটা মডেল হয়। তার হাত ধরে রাজবাড়ী জেলা পরিষদ নতুন উদ্যমে এগিয়ে যাবে।
 রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ, জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম-সেবা এবং জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু বক্তব্য রাখেন।
 সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের স্থানীয় সরকারের প্রতিটি অঙ্গে কোন জনপ্রতিনিধি নেই। ফলে মানুষের কিন্তু প্রচন্ড সমস্যা হচ্ছে। স্থানীয় সরকারের নির্বাচন খুবই সন্নিকটে। এ কারণে সরকার নির্বাচনের প্রাথমিক কাজগুলো শুরু করেছেন। তারই অংশ হিসেবে প্রশাসক নিয়োগ করা হচ্ছে। আমি মনে আব্দুস সালামের নেতৃত্বে আমাদের এই অঞ্চলে অন্তবর্তীকালীন সময়ে স্থানীয় সরকারের সংকট অভাব সেটা খানিকটা হলেও পূরণ হবে। তার কাজের ভেতর দিয়ে আমাদের এলাকার জনপ্রতিনিধির অভাবটা পূরণ হবে। আমি আব্দুস সালামের কাজের সফলতা কামন করছি।
 রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ বলেন, জেলা পরিষদের প্রশাসক সালাম মিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তার ওপর অর্পিত দায়িত্ব তিনি যাতে যথাযথ ভাবে পালন করতে পারে তার জন্য জন্য আমরা দোয়া ও সহযোগিতা করবো।
 রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সরকার রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক হিসেবে আব্দুস সালাম মিয়াকে নিয়োগ দিয়েছেন। আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করবো।
 সভাপতির বক্তব্যে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমি রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছি। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যাতে আমি ন্যায় ও নিষ্ঠার সাথে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি।
 এর আগে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডঃ রাশেদ আল মাহমুদ তিতুমীর, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ অন্যান্য অতিথিদের অফিসার্স এসোসিয়েশন ও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
 অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সৌজন্যে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান
মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে উড়াকান্দায় মানববন্ধন পালন
রাজবাড়ীতে বৃষ্টিতে ঈদের প্রধান জামাত পন্ড॥ অর্থের অপচয়রোধে স্থায়ী নির্মাণ প্যান্ডেল জরুরী
সর্বশেষ সংবাদ