জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতি গোষ্ঠীর নববর্ষ ১৪৩৩ উদযাপনের লক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা গতকাল ৮ই এপ্রিল দুপুর সাড়ে ১২টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শামসুল হক, সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক(উপ-সচিব) ডঃ মোঃ মাহমুদুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, জেলা এনএসআই’র যুগ্ম পরিচালক এবিএম ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ(অবঃ) এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, ডাঃ আবুল হোসেন কলেজে সাবেক অধ্যক্ষ্য চৌধুরী আহসানুল করিম হিটু সহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, নববর্ষ ১৪৩৩ উদযাপনে ১লা বৈশাখ সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্ত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে এসে শেষ হবে। বৈশাখী শোভাযাত্রায় সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সকলস্তরের মানুষ অংশগ্রহণ করবে।
বৈশাখী শোভাযাত্রা শেষে রেলওয়ে মাঠে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হবে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজন করা হবে। সভায় পহেলা বৈশাখ উদযাপনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, আমি আপনাদের জেলায় নতুন যোগদান করেছি। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, সকলের সমন্বয় করে আমরা নববর্ষ উদযাপনের প্রোগ্রাম সম্পন্ন করবো। সবার সহযোগিতায় ও সবার অংশগ্রহণে আমরা পহেলা বৈশাখ দিনটি উদযাপন করবো। আমরা আশা করছি জেলাবাসীকে ভালো একটি প্রোগ্রাম উপহার দিতে পারবো। ভবিষ্যতে আমাদের আরও পরিকল্পনা থাকবে, আমি মাত্র এসেছি। আপনাদের সকলকে সাথে নিয়েই আমরা সেগুলো বাস্তবায়ন করবো। যেটা রাজবাড়ীর জন্য ভালো হবে। আমার এখানে কোন ব্যক্তিগত স্বার্থ নেই। আমি সবসময় প্রফেশনালিজমের জায়গা থেকে কাজ করবো। রাজবাড়ীর উন্নয়নে কাজ করবো সবাইকে সাথে নিয়ে।



