ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রাজবাড়ী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি।
গতকাল ১১ই এপ্রিল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই ফরমটি সংগ্রহ করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছেন।
জানা গেছে, ফারজানা ইয়াসমিন ডেইজি রাজবাড়ী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত নারী আসনের সাবেক দুই বারের পৌর কাউন্সিলর। এছাড়াও ডেইজি রাজবাড়ী জেলার একজন জয়িতা। ডেইজির স্বামী এস এম সামসুল আলম বাবলু ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক। ২০১২ সালের ২৩শে আগস্ট গভীর রাতে রাজবাড়ী বাজার থেকে বাড়ি ফেরার সময় বিনোদপুর পুলিশ ফাঁড়ির অদূরে রাস্তার ওপর একদল দুর্বৃত্ত সামসুল আলম বাবলুকে গুলি করে হত্যা করে।
জেলা মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজবাড়ীতে সম্মুখ সারিতে থেকে অংশগ্রহণ করেন। গত ১৭ বছর আওয়ামী লীগ আমলে বহু হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়াও তিনি আওয়ামী লীগের মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবরণও করেছিলেন।
এ বিষয়ে জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি বলেন, আমার স্বামী সামসুল আলম বাবলু রাজনৈতিক কারণে হত্যা হয়েছিলো। তার মৃত্যুর পর আমি রাজনীতিতে আসি। আমি চোখের পানি নিয়েই রাজনীতিতে নামি। তখন জেলা মহিলা দলের সদস্য পদে ছিলাম। বর্তমানে আমি জেলা মহিলা দলের সহ-সভাপতি পদে রয়েছি। এছাড়াও আমি বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর। আওয়ামী লীগ আমলে অনেক হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। এজন্য জেলও খাটতে হয়েছে আমাকে। আমি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছি। আশা করি, দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ই মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। বর্তমান সংসদে বিএনপির অংশীদারিত্ব অনুযায়ী তারা মোট ৩৬টি সংরক্ষিত আসন পাবে।



