রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি দল। এ সময় বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ২২শে এপ্রিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা শাখার সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, জাতীয় ভোক্তা অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয় কর্তৃক বালিয়াকান্দি বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
এছাড়াও উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। এই কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনজনিত অপরাধে ৩টি প্রতিষ্ঠান মালিককে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিকসহ জেলা পুলিশের টিম অংশ নেয়।



