ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
রাজবাড়ীতে অর্থের অভাবে যারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে তাদের পাশে রয়েছে লিগ্যাল এইড
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-২২ ১৫:০৯:৪০

 জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে রাজবাড়ীতে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ সচেতনামূলক সভা গতকাল ২২শে এপ্রিল সকাল ৯টায় জেলা জজ আদালত প্রাঙ্গনে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর(ডিবিএলএ) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।
 জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মোঃ তহিদুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হোসেন বক্তব্য রাখেন।
 “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড অফিসার সিভিল জজ মোঃ হাসান আল আজাদের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বার এসোসিয়েশনের সভাপতি কাজী আব্দুল বারী কুটিন, সাধারণ সম্পাদক ও পিপি এডঃ আব্দুর রাজ্জাক-২, সিনিয়র আইনজীবী এডঃ মোঃ মোসলেম উদ্দিন খান ও ইউএনডিপি লিগ্যাল এইড বিষয়ক প্রতিনিধি তানজিলা ইসলাম প্রমুখ।
 সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান বলেন, মামলায় পড়লে অনেকই ভীতসন্ত্রস্ত থাকেন। যিনি জীবনে  কোন দিন মামলায় পড়েননি তিনি মামলায় ভুগলে কি কষ্ট সেটা আসলে বুঝবেন না। বিজ্ঞ আইনজীবীরা জানেন তার মোয়াক্কেল কত কষ্টে থাকে, কত চিন্তায় থাকে। এমন অনেকেই আছে যাদের আসলে সামর্থ্যই নেই বিজ্ঞ আইনজীবীর ফিস দেওয়ার। সেই সব ব্যক্তিদেরকে যাতে তারা আইনের আশ্রয় না পেয়ে কোন রকম সমস্যার সম্মুখীন না হয় সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই জাতীয় আইনগত সহায়তা প্রদানের এই কর্মসূচি গ্রহণ করেছে। আজকে প্রায় ৩০ বছর পার হয়ে গেছে। এই ৩০ বছরে যতটুকু আমাদের জানানো দরকার ছিল, যতটুকু আমাদের জানানোর উদ্দেশ্য ছিল ততটুকু আসলে সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছাতে পেরেছি কিনা সেই বিষয়ে এখনো সন্দেহ রয়েছে। তবে রাজবাড়ী জেলার লিগ্যাল এইড কার্যক্রম অন্যান্য জেলা থেকে ভালো।
 তিনি আরও বলেন, যারা অর্থের অভাবে আইনজীবীর ফিস না দিতে পেরে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে তাদের জন্যই আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি। তাদের সেই সাহসটুকু দেয়ার জন্যই, যে আপনি একা না, আপনার যে আইনগত অধিকার খর্ব হয়েছে, আপনি যে বিপদে আছেন, সেই বিপদ থেকে উদ্ধারের জন্য সরকারের পাশাপাশি আমরাও আছি আপনাদের জন্য। আমি জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে এই দায়িত্ব নিতে চাই একজন মানুষ ও যেন এই জেলায় শুধু তার আর্থিক অসঙ্গতির কারণে  তার আইনগত অধিকার থেকে তিনি বঞ্চিত না হন। এই নিশ্চয়তা আমরা দিতে চাই। আমাদেরকে রাজবাড়ীর প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তথ্য ছড়িয়ে দিতে হবে যে লিগ্যাল এইড কমিটি নামে একটি কমিটি রয়েছে। যে কমিটি আর্থিক সচ্ছলতা বা আর্থিক সক্ষমতা না থাকলেও আমি আদালতে গিয়ে আমার অধিকার ফিরে পাওয়ার জন্য দাঁড়াতে পারি।
 সমাজে অনেক অসহায় মানুষ আছেন যারা টাকা পয়সার অভাবে মামলা চালাতে পারেন না। তারা কিভাবে বিচার সহযোগিতা পেতে পারেন, সেই তথ্য জানানোর জন্যই আমরা আজকে এই সভার আয়োজন করেছি।
 আমরা আরও ব্যাপক ও বিস্তৃত ভাবে লিগ্যাল এইডের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে চাচ্ছি। এজন্য ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশ সরকার কিছু উদ্যোগ নিয়েছে। সেই উদ্যেগের অংশ হিসেবে ৮টি জেলায় এরা কার্যক্রম চালাবে। এই ৮টি জোলায় লিগ্যাল এইড সার্ভিসটাকে ডিজিটালাইজেশন করার চেষ্টা করা হচ্ছে। অলরেডি ইউএনডিপির পক্ষ থেকে আদালতে অনেক ইকুইপমেন্ট পাঠানো হয়েছে। যে ইকুইপমেন্ট গুলোর মাধ্যমে আমরা চেষ্টা করবো একজন সাধারণ মানুষ তার বাড়িতে বসে, বিরোধটা মিমাংসা করতে পারে। তাকে যেন কোর্টে আসতে না হয়। লিগ্যাল এইড কার্যক্রমটা যদি আমরা ডিজিটালাইজ করতে পারি তাহলে সেবা নিতে আসা মানুষের কোর্টে আসতে হবে না, তার একটা দিন বেঁচে যাবে। বিরোধ মিমাংসা কিন্তু কোর্টে মামলা না করলেও আমরা করি এখন। জেলা লিগ্যাল এইড অফিসারার এই বিরোধ মিমাংসা করে থাকেন কোন রকম পারিশ্রমিক ছাড়া। তার পরামর্শ খাটি হবে এজন্যই কারণ এখানে তার কোন স্বার্থ নেই। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে লিগ্যাল এইড এর ডিজিটালাইজেশন সম্পর্কে জানানো হবে। আমরা আশা করি যে উদ্যোগ লিগ্যাল এইড এবং ইউএনডিপি নিয়েছে আজকের এই সারাদিনের কার্যক্রমের মাধ্যমে কিঞ্চিৎ হলেও বাস্তবায়িত হবে। 
 ইউএনডিপি প্রতিনিধি তানজিলা ইসলাম বলেন, বাংলাদেশের ৩শ’ ইউনিয়নে এ প্রজেক্ট কাজ করে যাচ্ছে। অনলাইনে লিগ্যাল এইডের এই নম্বরে ১৬৬৯৯ ডায়াল করে সহযোগিতা পেতে পারেন।
 বক্তারা বলেন, মানুষকে সচেতন করতে হবে। যারা সুষ্ঠ বিচার থেকে বঞ্চিত, বিচার পাওয়ার তেমন কোনো সুযোগ নেই, যাদের অর্থের সীমাবদ্ধতা রয়েছে, যারা বঞ্চিত তাদের জন্য বিনা পয়সায় বিচার পাওয়ার একটি সুযোগ সৃষ্টি হয়েছে।
 যার টাকা আছে তিনি যেমন বিচারিক সুবিধা পাবেন, যার টাকা নেই তিনিও সেই সুবিধা পাবার জন্যই লিগ্যাল এইড আপনার দোরগোড়ায় বিচার পাবার ব্যবস্থা করবে।
 সভায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ চাঁদনী রুপম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী জামশেদুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ তন্ময় গাইন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন হাসান, সিভিল জজ মেহবুবা মিসৌরী, সিভিল জজ রিফাহ তাসনিয়া ঐশি, সিভিল জজ ফারজানা দিবা, রাজবাড়ী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাঃ রবিউল হক, সিনিয়র এডঃ কামরুল ইসলাম, জিপি এএনএম শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ীতে অর্থের অভাবে যারা ন্যায় বিচার থেকে  বঞ্চিত হচ্ছে তাদের পাশে রয়েছে লিগ্যাল এইড
রাজবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজবাড়ীর লোকোশেডে অভিযানে মোবাইল কোর্টে ৩জন মাদকসেবীর জরিমানাসহ জেল
সর্বশেষ সংবাদ