রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়ার গাড়াকোলা গ্রামের কৃষক ওবায়দুর রহমানকে বিষ প্রয়োগ ও গলাকেটে হত্যা চেষ্টাকারীদের বিচারের দাবীতে গতকাল ১লা জুলাই গাড়াকোলা গ্রামবাসী ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আহত কৃষক ওবায়দুরের মেয়ে সেজুতি, ছেলে খালিদ ও চাচাতো ভাই মনিরুল ইসলাম বক্তব্য রাখেন। মানববন্ধনে আহত কৃষক ওবায়েদুরের পরিবার ও এলাকাবাসী অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তরা বলেন, কৃষক ওবায়দুরের স্ত্রী মোছাঃ পলি বেগম গত ৫মাস আগে স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ী চলে যান। পলির বোন জামাই বাবর গত ২৭শে জুন রাতে কৃষক ওবায়েদুর রহমানকে তার শ্বশুরবাড়ী ডেকে নিয়ে যায় স্ত্রীকে নিয়ে আসার জন্য। ওবায়দুর শশুর বাড়ী গেলে তার স্ত্রী, শ্যালক, স্ত্রীর বোন, তার জামাই ও শ্বশুর একত্রিত হয়ে ওবায়দুরের মুখের মধ্যে বিষ ঢেলে দেয় এবং গলা কেটে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে তারা চলে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার গলায় ১৭টি সেলাই লেগেছে।
এ ঘটনার পর ওইদিন বালিয়াকান্দি থানায় স্ত্রী পলি বেগম, শ্যালক মোঃ মুছা মণ্ডল ও মোঃ হারুন মন্ডল, স্ত্রীর বড় বোন মোছাঃ নাজমুন নাহার ওরফে আসমানী, বোন জামাই মোঃ বাবর আলী ও শ্বশুর মোঃ আবুল কালাম আজাদকে আসামী করে মামলা করা হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামী গ্রেফতার হয়নি। আমরা এর সুষ্ঠু বিচারের দাবী জানাই।
মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন।



