সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেছেন, বাংলাদেশের সাহিত্য, সভ্যতা ও সংস্কৃতিতে একটা নব দিগন্তের সূচনা হবে। আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা গোটা বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনকে অনেক বেশি বেগবান করে তোলার জন্য কাজ করছি।
গতকাল ১৪ই এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী শহরের আজাদী ময়দান মুক্ত মঞ্চে বৈশাখ উদযাপন পর্ষদ আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের অনেক বেশি উন্নত সংস্কৃতিক ধারা, সুস্থ সংস্কৃতিক ধারা আমাদের গড়ে তুলতে হবে। একটা অসুস্থ সংস্কৃতির ধারা চলছে গোটা বাংলাদেশ ধরে। এখান থেকে আমাদের অবশ্যই বের করে নিয়ে আসতে হবে বাঙালির ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতিকে। বাঙালির এই ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতিকে সুস্থ ও সাবলীল ধারায় ফিরিয়ে আনার জন্য আমাদের মন্ত্রণালয় কাজ করছে। আমরা আগামী বছর ইনশাআল্লাহ অন্যরকম একটা পহেলা বৈশাখ পালন করবো। প্রতি বছরই রাজবাড়ীতে সংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে, আমরা সেই চেষ্টা করবো।
এর আগে বেলুন উড়িয়ে বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
জানা গেছে, দ্বিতীয় বারের মতো রাজবাড়ীর ৪২টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একত্র হয়ে “বৈশাখ উদযাপন পর্ষদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনের আয়োজন করে। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে তারা। পরে নববর্ষের গান পরিবেশিত হয়।
সকালে বৈশাখী শোভাযাত্রা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। করে দ্বিতীয় পর্বে গান, কবিতা আবৃত্তি, নৃত্য নাটিকা, আদিবাসী সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজন ছিলো।
এ সময় বৈশাখ উদযাপন পর্ষদের আহ্বায়ক অধ্যাপক সালাম তাসির, যুগ্ম আহ্বায়ক চৌধুরী আহসানুল করিম হিটু, খোকন মাহমুদ, সদস্য সচিব এসকে আব্দুর রউফ হিটু, যুগ্ম সদস্য সচিব মোঃ আশরাফুল আলম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলালসহ ৪২টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


