পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। কালের পরিক্রমায় বছর ঘুরে আসে বাংলা নববর্ষ। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে শুভ্র, সুন্দর আর কল্যানময় প্রত্যাশায় উদিত হয় নতুন বছরের নতুন সূর্য। রাজবাড়ীতে বর্ষবরণে বৈশাখী আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের এই উৎসব বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
গতকাল ১৪ই এপ্রিল সকাল ৮টায় এ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেটের আম্রকানন চত্ত্বর থেকে বর্ণাঢ্য “বৈশাখী শোভাযাত্রা” বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক, বাহারী শাড়ী-পাঞ্জাবী পরে রং-বেরঙের প্লেকার্ড-ফেস্টুন সহ অংশগ্রহণ করেন। শুভযাত্রায় বিভিন্ন গ্রামীন ঐতিহ্য যেমন- পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়িসহ বিভিন্ন গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়।
বৈশাখী শোভাযাত্রায় জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশিক-উন নবী তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শামসুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, এনএসআই এর যুগ্ম পরিচালক এবিএম ফারুকসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণসহ সংশ্লিষ্ট অন্যান্যরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে হয় বর্ষবরণ “এসো হে বৈশাখ” গান। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা পরিবেশন করে নাচ ও গান।
এরপর সকাল সাড়ে ৯টায় একই স্থানে তিন দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। দুপুরে হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশ করা হয়। বিকেল ৪টায় রেলের মাঠে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেওয়া জিনিয়া তাবাসসুম বলেন, নতুন বছরে আমাদের প্রত্যাশা- পৃথিবী শান্তিময় হোক, সব ধরনের যুদ্ধ বন্ধ হোক এবং মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পাক।
জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, নতুন বছরের শুভ সূচনায় সকলকে জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনে এক অনন্য উৎসব, যা আনন্দ, সম্প্রীতি ও ঐক্যের বার্তা বহন করে। পুরাতনের গ্লানি, দুঃখ ও ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচনের এই দিনটি আমাদের সবার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এ দিনে বর্ণিল আয়োজন, বৈশাখী শোভাযাত্রা, গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের শিকড়কে নতুন করে অনুভব করি। এই উৎসব আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। আমি প্রত্যাশা করি, নতুন বছর আমাদের সবার জীবনে বয়ে আনবে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।আসুন, আমরা সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তুলি।


