রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের আজিজ মহাজন হত্যা মামলা প্রত্যাহারের জন্য মামলার বাদী আঃ রহমান মহাজনকে হুমকিসহ নানা ধরণের অত্যাচারের অভিযোগ উঠেছে আসামীদের বিরুদ্ধে।
মামলা প্রত্যাহারের স্বীকার না করায় গত ২রা অক্টোবর দিনগত গভীর রাতে প্রায় ৫ লাখ টাকার ফসল কেটে বিনষ্ট করেছে আসামী পক্ষের লোকজন। এমন অভিযোগ করেছেন মামলার বাদী আঃ রহমান মহাজন। তবে এসকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেছে অভিযুক্তরা।
মামলার বাদী আঃ রহমান জানান, তার ছোট ভাই আজিজ মহাজনকে ২০২৩ সালের ১৫ই অক্টোবর রাতে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরের দিন ১৬ই অক্টোবর তিনি ২৪ জনকে আসামীকে করে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় সবাই গ্রেফতার হয়ে কিছুদিন কারাভোগের পর এখন জামিনে রয়েছেন। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরই মামলার প্রধান আসামী রেজাউল মহাজনসহ আরও বেশ কয়েকজন মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে।
তিনি আরও জানান, হত্যা মামলাটি প্রত্যাহার না করায় গত ২রা অক্টোবর রাত ১১ টার দিকে রেজাউল, ইলিয়াস ও বাবলুর নেতৃত্বে প্রায় ২০ থেকে ২৫ জন সংঘবদ্ধ হয়ে তার বাড়ী ঘিরে ফেলে। তার ছেলে রবিউল রাজবাড়ী পুলিশ সুপারকে তাৎক্ষণিক জানালে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে গভীর রাতে তারা একটি মহড়া দিয়ে তাদের বাড়ীর পাশে মাঠে গিয়ে তার এবং মামলার স্বাক্ষী মনোয়ার মহাজন এবং ফরিদ শেখ ও দুলাল শেখের ক্ষেতের ফসল কেটে ফেলে। এতে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ক্ষতিগ্রস্ত কৃষক মামলার স্বাক্ষী মনোয়ার মহাজন জানান, তার ক্ষেতের পেঁপে, করলা ও পুঁইশাক এবং রহমান মহাজনের প্রায় ৪৪ শতাংশ জমির লাউ ও মূলা, ফরিদ শেখের ৩৩ শতাংশ জমির করলা এবং দুলাল শেখের প্রায় ১০ শতাংশ জমির সবজি গাছ গভীর রাতে তারা কেটে ফেলেছে।
তবে এসকল অভিযোগ অস্বীকার করে আজিজ মহাজন হত্যা মামলার প্রধান আসামী রেজাউল মহাজন জানান, তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সর্ম্পূণ ভিত্তিহীন ও মিথ্যা। গত ২রা অক্টোবর মামলার বাদীর বাড়ী ঘেরাও এবং রাতে ফসল কেটে ফেলার ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে সপ্তাহ দুয়েক আগে গ্রামে শান্তির লক্ষ্যে তারই সমাজের মাতুব্বর রইচের বাড়ীতে একটি মিমাংসার জন্য বসা হয়েছিল। তবে সেখানে মামলার বাদী উপস্থিত ছিলেন না। এটি গ্রামের সবাই জানে। এখানে মামলা প্রত্যাহারের জন্য কোন চাপ প্রয়োগ করা হয়নি।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জামাল উদ্দিন জানান, গত ২রা অক্টোবর রাতে বাড়ী ঘেরাওয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠান তিনি। সেখানে পুলিশ গিয়ে কাউকে পাননি।
এডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, বিচারাধীন হত্যা মামলা মিমাংসা করার চেষ্টা বেআইনি। এই মিমাংসার যারা চেষ্টা করেছেন তাদের বিচার হওয়া উচিত। মামলার বাদী বিজ্ঞ আদালতে বিষয়টি অবগত করতে পারেন।
বালিয়াকান্দি থানার কর্তব্যরত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, একটি বিচারাধীন হত্যা মামলার বাদী থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি গ্রহণ করা হয়েছে।



