রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন কর্মরত মাঠ পর্যায়ের কর্মীরা নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন, পদোন্নতি কাঠামো প্রণয়ন ও বৈষম্য দূরীকরণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
গতকাল ৪ঠা ডিসেম্বর সকালে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৭টি ইউনিয়নে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকরা অংশ নেয়।
দীর্ঘ ২৬ বছর ধরে ২৪ ঘণ্টা মা ও শিশু স্বাস্থ্যসেবা, গর্ভবতী ও প্রসূতি নারীর সেবা, নবজাতক ও ৫ বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে এলেও পরিবার পরিকল্পনা কর্মীদের চাকরিতে এখনো কোনো নিয়োগ বিধি প্রণয়ন হয়নি বলে দাবী কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের।
তারা আরও বলেন, চাকরির শুরুতে যে পদের দায়িত্ব নিয়ে মাঠে নেমেছেন, অবসর নেওয়ার সময়েও তাদের সেই একই পদে থাকতে হচ্ছে। অন্যদিকে অন্যান্য সরকারি চাকরিতে নিয়মিত পদোন্নতির সুযোগ থাকলেও পরিবার পরিকল্পনা কর্মীরা বঞ্চিত রয়ে গেছেন।
অবিলম্বে নিয়োগ বিধি বাস্তবায়ন ও পদোন্নতির কাঠামো চালু করার দাবি জানিয়ে, দাবি পূরণ না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শক অসিত কুমার বিশ্বাস, জাহিদুল ইসলাম, বাদশা মিয়া, আসাদুজ্জামান, সোহেল শেখ, মিঠুন, প্রতিমা রানী, রেশমা ও পারভিন প্রমুখ বক্তব্য রাখেন।



