রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে মাদক সেবনকারীরা গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল গডফাদাররা। ফলে গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়ন, পৌরসভা সহ মাদকের ভয়াল আগ্রাসনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অভিভাবকরা শঙ্কিত রয়েছে। এতে এলাকায় চুরি, ছিনতাই বৃদ্ধি পেয়েছে।
গত ১১ই এপ্রিল মাদকাসক্ত সন্তানের হাতে গোয়ালন্দ পৌরসভা ৪ নং ওয়ার্ড ক্ষুদিরাম সরকারের পাড়া এলাকায় মাদকের টাকা না দেওয়ার কারনে ছেলে গোবিন্দ ঘোষের হাতে এলোপাতাড়ি কোপে মা শিখা রানী(৪০) গুরুতর আহত হয়েছে। আহত শিখা রানীকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অপরদিকে গত ১০ই এপ্রিল মধ্যে রাতে দৌলতদিয়া সামছু মাষ্টার পাড়া এলাকায় স্থানীয় মান্নান সরদারের ঘরটি মাদকসেবীদের আগুনে পুড়ে যায়।
হেরোইন, ইয়াবা-গাঁজা, ফেন্সিডিলের নিরাপদ জোন হিসাবে পরিণত হয়েছে দৌলতদিয়া পোড়াভিটাসহ আশপাশের এলাকা।
থানা পুলিশ-ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক নিয়ন্ত্রণে কঠোর অভিযানে ইতোপূর্বে অর্ধশত সেবনকারী গ্রেপ্তার হয়। কিন্তু এর নিয়ন্ত্রক গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকায় মাদকের ছোবল থামছে না।
বিশেষ করে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকের সম্রাজ্ঞী রোজি বেগম, সাথী, লাইলী, মৌসুমি, শাহানাজ, রোজির ছেলে সুমন, রোজির ছোট ভাই জাহাঙ্গীর ও বোডিংয়ের মালিক আজিজ প্রামাণিক এদের নিয়ন্ত্রণে ঘাট এলাকায় মাদক বিক্রির জমজমাট বানিজ্য চলে। পাতা বেগম পোড়াভিটা এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করে।
রাজবাড়ী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক সম্রাজ্ঞী রোজী বেগমের নামে ৫টি মাদক মামলা। রোজী ছেলে সুমনের বিরুদ্ধে ২টি মামলা, অন্য প্রতিজনের বিরুদ্ধে ১টি করে মামলা রয়েছে।
এছাড়াও গোয়ালন্দ ঘাট থানা ও জেলা গোয়েন্দা শাখা(ডিবি)তে এদের নামে একাধিক মাদক মামলা রয়েছে।
জেলা ও উপজেলা প্রশাসনের সাথে একাধিক সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও এখন পর্ষন্ত মাদক ব্যবসায়ীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
গত ১৩ই মার্চ গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী অতিরিক্ত পুলিশ সুপারের উদ্দেশে বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয় না, গ্রেফতার করা হচ্ছে মাদক সেবনকারীদের। প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের সাথে সাথে হল রুমে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের কণ্ঠে উচ্চ ধ্বনি দিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রীর বক্তব্যের সাথে একমত প্রকাশ করেন।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনেকেই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, মাদকসেবনকারী, মাদক ব্যবসায়ী গ্রেফতারের চেষ্টা আমাদের সবসময় অব্যাহত আছে। হয়ত প্রত্যাশা অনুযায়ী অনেক সময় পুরোটাই পারি, আবার অনেক সময় প্রত্যাশা অনুযায়ী পারি না। আমাদের চেষ্টার ঘাটতি নাই। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের খোঁজ খবর নিচ্ছি। তথ্য পেলে তাদেরকেও আইনের আওতায় আনবো।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুলাহ জাহিদ বলেন, গত মে মাসে আমাদের অভিযানে সংখ্যা ৪২টি ও মামলার সংখ্যা ১১টি। মাদক ব্যবসায়ীদের উপর আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। আলামতসহ তথ্য পাওয়া গেলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।


