ঢাকা সোমবার, এপ্রিল ২০, ২০২৬
রাজবাড়ীতে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনামূল্যে ন্যায় বিচার নিশ্চিতে কাজ করছে জেলা লিগ্যাল এইড
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০৪-১৯ ১৫:০০:৫৯

 জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা ও জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল ১৯শে এপ্রিল বিকালে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
 জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ তহিদুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মোঃ সোহেল শেখ প্রমূখ বক্তব্য রাখেন।
 এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, রাজবাড়ী পৌরসভার প্রশাসকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাঃ রবিউল হক, জেলা বার এসোসিয়েশনের সভাপতি কাজী আব্দুল বারী, জেলা বার এসোসিয়েশনের সেক্রেটারী ও পিপি আব্দুর রাজ্জাক-২, সরকারী কৌশুলী(জিপি) এডঃ এ.এন.এম শাহিদুল ইসলাম, বিশেষ পাবলিক প্রসিকিউটর জাহিদ উদ্দিন মোল্লা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমির হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ আবু জাফর, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম হিরণ, দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক ও প্রকাশকের প্রতিনিধি হিসেবে স্টাফ রিপোর্টার মীর সামসুজ্জামান সৌরভ সহ প্যানেল আইনজীবীরা উপস্থিত ছিলেন।
 সভা সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব সিনিয়র সিভিল জজ মোঃ হাসান আল আজাদ।
 সভায় সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার মধ্যে বসবাস করায় অসচ্ছল ও অসহায় মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র বদ্ধপরিকর। 
 তিনি বলেন, রাজবাড়ীতে দ্রুত সময়ে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থী জনগণের বিনামূল্যে ন্যায় বিচার নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড অফিস কার্যকরভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, লিগ্যাল এইড কি, এর দ্বারা অস্বচ্ছল ও অসহায় মানুষের কি উপকার হয় বা এই লিগ্যাল এইডের কাজ কি তা সম্পর্কে মানুষকে জানাতে হবে। এ সেবা সম্পর্কে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
 তিনি আরও বলেন, আগামী ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হবে। আমরা এই দিনে এমন একটি অনুষ্ঠান করবো যে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে উদ্দেশ্য থাকবে সাধারণ মানুষকে আমাদের এই লিগ্যাল এইড সম্পর্কে জানানো এবং প্রচার প্রচারণা, সেটা যেনো সর্বোচ্চটা দিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি।
 সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবসকে ঘিরে সার্বিক প্রস্তুতি গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
 সভার শুরুতে বিগত মাসিক সভার কার্যবিবরণী, অস্বচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীর পক্ষে দাখিলকৃত আবেদনে প্যানেল আইনজীবী নিয়োগ অনুমোদনসহ বিবিধ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 সভায় জানানো হয়, আগামী ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হবে। এই উপলক্ষে ওই দিন সকালে আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হবে। এরপর সকাল ৯টায় আদালত চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিটি যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে এসে শেষ হবে। এরপর সকাল সাড়ে ৯টায় জাতীয় লিগ্যাল এইড দিবস উপলক্ষে আদালত ভবনের নিচতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
 জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা গেছে,  গত ২৭/১১/২০২৫ তারিখ থেকে ১৯/৪/২০২৬ তারিখ পর্যন্ত লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনগত পরামর্শ দেওয়া হয়েছে ৫৮ জনকে। বিচারাধীন মামলার আদালত থেকে এডিআর এর জন্য পাওয়া গেছে ৭টি। পূর্বের চলমান এডি আর আবেদন ১৩টি। সরাসরি লিগ্যাল এইড অফিসে এডি আর এর আবেদন জমা হয়েছে ৮১টি, নিষ্পত্তি হয়েছে ৭৫টি, প্রি-কেইস ৭০টি, পোস্ট কেইস ৫টি। পূর্বের জের সহ এডি আর চলমান রয়েছে ২৬টি। এডি আর এর মাধ্যমে আদায়কৃত অর্থের পরিমাণ ২২ লাখ ৪০ হাজার টাকা।

রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ২য় দিনের ইভেন্ট অনুষ্ঠিত
রাজবাড়ীতে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনামূল্যে ন্যায় বিচার নিশ্চিতে কাজ করছে জেলা লিগ্যাল এইড
রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ