আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ই মে বিকালে গোয়ালন্দ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যুব অধিকার পরিষদ, খেলাফত মজলিস ও ইসলামী ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম কলেজ চত্বর হতে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ হতে গুম, খুন ও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। সেই সাথে অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধে তালবাহানা বন্ধ করে দ্রুত সিদ্ধান্ত নেয়ার দাবী জানানো হয়। সমাবেশে গোয়ালন্দ উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদমান হোসেন আবির, সেক্রেটারী তৌফিক ওমর আবিদ, বাইতুল মাল সম্পাদক শরিফুল ইসলাম সজীব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রেজা শেখ, এনসিপি’র প্রতিনিধি রাকিব হোসেন, আবির হাসান, গোয়ালন্দ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রেজা মাহমুদ, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মৃধা, গোয়ালন্দ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাগর শেখ, খেলাফত মজলিসের প্রতিনিধি আবু হামজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মী ফাহাদ হোসেন ও আকিব সরদার প্রমুখ বক্তব্য রাখেন।



