ঢাকা শুক্রবার, ফেব্রুয়ারী ২০, ২০২৬
বালিয়াকান্দি ও বহরপুর বাজারের ৩জন ব্যবসায়ীকে জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৬-০২-১৯ ১৫:১২:২৮

 পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ও বহরপুর বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
 গতকাল ১৯শে ফেব্রুয়ারি পরিচালিত এ অভিযানে ইফতার সামগ্রী, মিষ্টান্ন, মুদি ও ফলের দোকানে পণ্যের মান, পরিবেশ-পরিচ্ছন্নতা এবং ক্রয় রসিদ যাচাই করা হয়।
 অভিযান চলাকালে ক্রয় রসিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বালিয়াকান্দি সরকারি কলেজ সংলগ্ন এক ফলের আড়তের মালিককে ১হাজার টাকা জরিমানা করা হয়।
 এছাড়াও বহরপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে সাহা মিষ্টান্ন ভান্ডারের মালিককে ১হাজার টাকা এবং বালিয়াকান্দি বাজারের সলেমান হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
 এ সময় উভয় বাজারের ব্যবসায়ীদের পণ্যের মান বজায় রাখা, মূল্য তালিকা টানানো এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক ও সচেতন করা হয়। 
 সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, মাহে রমজান জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করারও অনুরোধ করেন তিনি। 
 এদিকে বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ ক্রেতারা অভিযানকে স্বাগত জানিয়েছেন। 
 স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “রমজানে নিত্যপণ্যের চাহিদা বাড়ে। এ সময় মনিটরিং হলে ভেজাল ও অতিরিক্ত দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকে।”
 আরেক ক্রেতা গৃহিণী রোকেয়া বেগম বলেন, “আমরা চাই নিরাপদ ও মানসম্মত খাবার। প্রশাসনের এমন তদারকি থাকলে ব্যবসায়ীরাও নিয়ম মেনে চলতে বাধ্য হবেন।”
 স্থানীয়রা আশা করছেন, নিয়মিত তদারকির মাধ্যমে বাজারে স্বচ্ছতা ও নিরাপদ খাদ্য নিশ্চিত হবে এবং ভোক্তাদের আস্থা আরও বৃদ্ধি পাবে।

বালিয়াকান্দির সোনাপুর হাটে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫
পাংশায় বিএনপি নেতা ইব্রাহিম হোসেন নেপালের দাফন সম্পন্ন
বালিয়াকান্দি ও বহরপুর বাজারের ৩জন ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ