রাজবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ ও হাইড্রোজ দিয়ে জিলাপি ভাজার অপরাধ সহ বিভিন্ন অপরাধে দুইটি মিষ্টির ও একটি চপের হোটেলকে মোবাইল কোর্টে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ১৯শে ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে রাজবাড়ী শহরের রেলগেট ও বড় বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজুর রহমান ও শাহেদ খান।
জানা গেছে, রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বিভিন্ন আইন বাস্তবায়নে জেলা প্রশাসন থেকে রাজবাড়ী বাজারের বিভিন্ন ইফতারি দোকান, মিষ্টির দোকান এবং অন্যান্য প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় রেলগেট এলাকার হোসেন মিষ্টান্ন ভান্ডার ক্ষতিকর হাইড্রোজ দিয়ে জিলাপি ভাজা ও পোড়াতেল দিয়ে ইফতার সামগ্রী ভাজার অপরাধে ৫ হাজার টাকা, খবরের কাগজে চপ প্যাকেজিং ও সরবরাহ করার অপরাধে মোল্লার চপের হোটেলকে ১হাজার টাকা ও রসগোল্লার মধ্যে মশা-মাছি পাওয়া যাওয়ায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ করার অপরাধে শংকর মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নিষিদ্ধ হাইড্রোজ এবং পুড়াতেল সনাক্ত করে ধ্বংস করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, নিরাপদ খাদ্যের নমুনা সংগ্রহকারী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের পেশকার সহ আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজুর রহমান বলেন, রাজবাড়ী শহরের বড় বাজার সংলগ্ন বিভিন্ন খাবার ও মুদি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে তদারকি জোরদার করা হয়।পাশাপাশি ওজন ও পরিমাপে অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায়, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিরুদ্ধে সতর্কতামূলক ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


