রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া চরপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি পরিবারের বসতঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে।
গত ৩০শে মার্চ রাত সাড়ে ১১টার দিকে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই তা ভয়াবহ রূপ নেয়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছে- মৃত তাজেল খানের তিন ছেলের পরিবার, যারা একই আঙিনায় বসবাস করতো এবং ১০ জন সদস্য নিয়ে একটি যৌথ পরিবার গড়ে তুলেছিলেন।
বড় ছেলে মোঃ শুকুর খান(৪৭) ও তার স্ত্রী আকলিমা বেগম(৪০) তাদের ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে, মেঝো ছেলে মোঃ নয়ন খান(৩৮) ও তার স্ত্রী আরজিনা খাতুন(৩০) ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে এবং ছোট ছেলে মোঃ গফুর খান(৩৮) ও তার স্ত্রী মোছাঃ নাসিমা খাতুন(৩০) পরিবারসহ একই আঙিনায় পৃথক ঘরে বসবাস করতো।
স্থানীয়দের ভাষ্যমতে, আগুন লাগার পর তা আশপাশে ছড়িয়ে পড়ে। আতঙ্কে ঘর থেকে বের হতে না পেরে অনেকেই মূল্যবান জিনিসপত্র রক্ষা করতে পারেননি। তাদের সঞ্চয় ও স্বপ্ন ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডে মোট ৩টি ঘর ২টি বসবাসের ঘর ও ১টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি একটি ভ্যান ও একটি ছাগলও পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারগুলো সম্পূর্ণ নিঃস্ব হয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয়রা জানান, পরিবারগুলো অন্যের জমিতে কৃষিকাজ এবং ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। হঠাৎ এই অগ্নিকান্ডে তাদের একমাত্র সম্বল হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছে।
স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে স্থানীয় বাসিন্দা মোঃ রাশেদুজ্জামান বলেন, মাইকের খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ান। পরে কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে লেলিহান শিখায় সবকিছু ভস্মীভূত হয়ে যায়।
এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন বলেন, আমরা ঘটনার খবর পেয়েছি। আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবো এবং সরকারিভাবে সহযোগিতা করা হবে।
মানবিক দৃষ্টিতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষদের এগিয়ে এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এলাকাবাসী।



