ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
দৌলতদিয়ার ৩নং ফেরি ঘাটে বাস ডুবি ঃ জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০৪-০১ ১৬:০০:১০

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরি ঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে বাস ডুবির ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। 
 প্রতিবেদনের দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছে।
 গতকাল ১লা এপ্রিল রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এর আগে গত ৩১শে মার্চ রাতে জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে তদন্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।
 তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, দুর্ঘটনার পেছনে বাসের যান্ত্রিক ত্রুটিসহ বেশ কিছু কারণ ছিল বলে উল্লেখ রয়েছে।
 তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে বলেন, আমরা প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্যসহ স্থানীয়দের সাথে কথা বলেছি। তদন্ত সঠিকভাবে করার স্বার্থে আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথেও কথা বলেছি।
 তদন্তে বাসের যান্ত্রিক ত্রুটিসহ বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। এছাড়াও ফেরি ঘাটের অব্যবস্থাপনা, পন্টুনে রেলিং, এ্যাপ্রোচ সড়ক উন্নয়ন, ঘাট আধুনিকায়নসহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে।
 তিনি আরও বলেন, আমরা দুর্ঘটনার কারণ ও আগামীতে দুর্ঘটনা রোধে বেশ কিছু সুপারিশ করেছি। এর বেশি কিছু বলতে চাননি তদন্ত কমিটির প্রধান।
 এ বিষয়ে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, তদন্ত প্রতিবেদনটি হাতে পেয়েছি। তদন্ত কমিটির দল প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরেছে। প্রতিবেদনটি আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করবো। সেখান থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
 উল্লেখ্য, গত ২৫শে মার্চ বিকালে কুষ্টিয়ার কুমারখালী থেকে যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরি ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মায় পড়ে ডুবে যায়। এ ঘটনায ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
 দুর্ঘটনার তদন্ত অনুসন্ধানে ওইদিন রাতে জেলা প্রশাসক সুলতানা আক্তার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে’কে আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। এছাড়াও নৌপরিবহন মন্ত্রনালয় থেকে ৬সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রাজবাড়ীর নতুন ডিসি  আফরোজা পারভীন
দৌলতদিয়ার ৩নং ফেরি ঘাটে বাস ডুবি ঃ জেলা  প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল
রাজবাড়ীতে তেল সংকটে নতুন মোটর সাইকেল বিক্রিতে ভাটা
সর্বশেষ সংবাদ