রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজারে আগামী ১৪ই এপ্রিল ১লা বৈশাখ কৃষি কার্ড বিতরণ করা হবে।
১লা এপ্রিল বিকাল ৫টায় দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার এলাকায় কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করতে মাঠ পরিদর্শন করেন উপজেলা প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দ।
জানা গেছে, কৃষি কার্ড বিতরণ উপলক্ষে মুন্সি বাজার পদ্মা নদীর তীরে তিন দিনের মেলা সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন। নৌকা বাইচ, সার্কাস, পালা গান, পথনাটক, সাংস্কৃতি অনুষ্ঠানসহ গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য নিয়ে নানা ধরনের বিনোদন রয়েছে। অনুষ্ঠানটি পহেলা বৈশাখে হওয়ার আয়োজনে বাড়তি বিনোদন আয়োজন করছে আয়োজক কমিটি।
মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনছারী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ(অবঃ) এবিএম মঞ্জুরুল আলম দুলাল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সাবেক সদস্য নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আঃ হালিম ফকির, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক দেওয়ান, যুগ্ম আহবায়ক শামীম মোল্লা, পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা কৃষক দলের আহবায়ক আবু বক্কার, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম, দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস মোল্লা ও সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, গোয়ালন্দ কৃষি কার্ড বিতরণে অর্থ উপদেষ্টা, সংস্কৃতি প্রতিমন্ত্রীসহ কয়েকজন এমপি, কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এখানে তিন দিনের প্রোগ্রাম করা হবে।
জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনছারী বলেন, বিএনপির নির্বাচনী ইস্তেহার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যে জেলার পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এবার গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করবেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, সারাদেশে ১০টি জেলায় মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করবেন। এর মধ্যে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ১০৩৮ জন কৃষককে কৃষি কার্ড প্রদান করা হবে। কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠান সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলা প্রশাসন মাঠ পরিদর্শন করলাম। আশা করি সুন্দর ভাবে কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠান শেষ করতে পারবো।


