রাজবাড়ী জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬জন রোগী ভর্তি রয়েছে। এছাড়াও সন্দেহভাজন ৯জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
গতকাল ১লা এপ্রিল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে জেলার সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ ও সদর হাসপাতালরে তত্বাবধায়ক(উপ-পরিচালক) ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান।
সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ বলেন, রাজবাড়ী জেলা সদর হাসপাতালের গত পরশু দিন ৫জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলো। এর মধ্যে ২জন সুস্থ হয়ে রিলিজ নিয়ে বাড়ি চলে গেছে। আজ পর্যন্ত ৩ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। এই ৩জনের নমুনা নিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়াও কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ২ জন ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ১জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। এই তিনজনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় সন্দেহভাজন ১৩ জন শিশুর স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছিলো। এর মধ্যে তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। তাদের একজন সদর উপজেলার, একজন পাংশার ও অপরজন কালুখালী উপজেলার। তারা হাসপাতালে ভর্তি হয়নি। বাসা বাড়িতে নিজেরাই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে।
সিভিল সার্জন বলেন, রাজবাড়ী জেলায় হাম এখনো নিয়ন্ত্রণাধীন আছে। জেলা হামের টিকা পর্যাপ্ত রয়েছে। টিকা দেওয়ার ক্ষেত্রে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এগিয়ে রাজবাড়ী। জেলায় সহস্রাধিক টিকাকেন্দ্র আছে যেখানে নিয়মিত স্বাস্থ্যকর্মীরা শিশুদের টিকা দিয়ে থাকে।
এছাড়া হামের উপসর্গ নিয়ে তিন শিশুর হাসপাতালে ভর্তি থাকার বিষয়টি সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নানও নিশ্চিত করেন।
তিনি বলেন, ৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। আউটডোর ও ইনডোরের রোগীসহ আজ মোট ৯জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল এগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। ভর্তি থাকা তিন শিশুর নমুনা পরীক্ষার জন্য রাজধানী ঢাকার রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে(আইইডিসিআর) পাঠানো হবে। এর মধ্যে দু’জনের বয়স ৬ মাস। তাদের হামের টিকাগ্রহণের বয়স হয়নি।
তিনি আরও বলেন, হামের টিকা গ্রহণ করেনি এমন শিশু খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আমাদের স্বাস্থ্যকর্মীরা শিশুদের খুঁজে খুঁজে টিকাদান নিশ্চিত করেন। ৯ মাস পূর্ণ হলে ১ম ডোজ ও ১৫ মাস পূর্ণ হলে ২য় ডোজ। তাও কোনো শিশু বাদ পড়লে আমাদের জানানোর অনুরোধ। টিকাদান একটি চলমান বিষয়, পর্যাপ্ত টিকা হাসপাতালে রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ২৫ হাজার ৪৮, ২০২২ সালে ২৫ হাজার ৬৮৮, ২০২৩ সালে ২৬ হাজার ৭৭, ২০২৪ সালে ২৮ হাজার ১০ ও ২০২৫ সালে ২৪ হাজার ৫৫৮ জন শিশুকে দুই ডোজ হামের টিকা দেওয়া হয়েছে। এতে নিশ্চিত করা সম্ভব হয়েছে প্রায় শতভাগ শিশুর টিকাদান। এই কর্মসূচি চলমান বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।



