ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
রাজবাড়ীতে তেল সংকটে নতুন মোটর সাইকেল বিক্রিতে ভাটা
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০৪-০১ ১৫:৫৭:১৫

 ইরান-ইসরাইল ও আমেরিকার যুদ্ধের কারণে বিশ্ব জুড়ে তেল সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। তেল সংকটের প্রভাব থেকে বাদ পড়েনি রাজবাড়ী জেলা। তেল  সংকটের কারণে জেলা শহরের বিভিন্ন শোরুমে নতুন মোটর সাইকেল বিক্রিতে ভাটা পড়েছে। ডিলার ও বিক্রেতারা শোরুম বসে অলস সময় পার করছেন।
 এদিকে তেলের পর্যাপ্ত চাহিদা না পাওয়ায় জেলার ফিলিং স্টেশনগুলোও ক্রেতাদের চাহিদা মাফিক তেল দিতে পারছেনা। ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত তেল না থাকার কারণে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত থাকছে মোটর সাইকেল চালকদের ভিড়। অনেকে তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
 গতকাল ১লা এপ্রিল দুপুরে সরেজমিনে রাজবাড়ী শহরের কয়েকটি মোটর সাইকেলের শোরুম ঘুরে দেখা যায় শোরুমের ডিলার ও বিক্রয় প্রতিনিধিরা বসে অলস সময় পার করছে। ঈদের পর থেকে তেল সংকট প্রকট হওয়ার কারনে কাঙ্খিত পরিমাণ মোটর সাইকেল বিক্রি না হওয়াতে তাদের মাঝে হতাশা কাজ করছে।
 তবে বিআরটিএ কার্যালয় ঘুরে রেজিস্ট্রেশন করতে আসা মোটর সাইকেল আরোহীদের চোখে পড়েনি। স্বাভাবিক দিনগুলোর মতই বিআরটিএ কার্যক্রম পরিচালনা করছে।
 রাজবাড়ী ইয়ামাহা শোরুমের ব্রাদার্স অটোমোবাইলের ডিলার সৌরভ শিকদার জানান, আগে যে পরিমাণ মোটর সাইকেল বিক্রি হতো তেল সংকটের কারণে তা অর্ধেকে নেমে এসেছে। ঈদের আগে বেচাকেনা ভালো হলেও ঈদের পর বেচাকেনায় ভাটা পড়েছে। এভাবে চলতে থাকলে শোরুমের কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল সহ আনুষঙ্গিক খরচ চালানো কষ্ট হয়ে যাবে। আমরা চাই দ্রুত তেল সমস্যা সমাধান করা হোক।
 রাজবাড়ী শহরের বকুলতলার মোটর সাইকেল গ্যালারি শোরুমের ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম বলেন, তেল সংকটের কারণে স্বাভাবিক যে নিয়ম আছে সেটার ব্যাঘাত ঘটছে। শোরুমে কাস্টমার আসলেও তারা বলছে বাইক কিনে কিভাবে বাসায় নিব যেহেতু তেলের সংকট। আমরা চাই তেলের সমস্যা স্বাভাবিক হোক। বাইকগুলো যেহেতু অকটেন পেট্রোলে চলে সেহেতু এগুলো পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হোক এটাই সরকারের কাছে আমাদের দাবি।
 রাজবাড়ী শহরের বড়পুলের মেসার্স জাপান অটোর ম্যানেজার আব্দুল লতিফ বলেন, তেলের সংকটের কারনে বেচাকেনা খুবই কম হয়ে গেছে। গত মাসের চেয়ে এ মাসের সেল কম। এভাবে চলতে থাকলে ব্যবসায় টিকে থাকা কষ্ট হয়ে যাবে আমাদের। আমরা দ্রুত তেলের সমস্যার সমাধান চাই।
 রাজবাড়ী শহরের পান্না চত্বরে পুরাতন মোটর সাইকেল বিক্রির শোরুম মঞ্জু মোটরর্সে মালিক মোঃ মঞ্জু বলেন, বাজারে তেলের সংকটের কারণে বেচাকেনা নেই। মোটর সাইকেল আরোহীরা মোটরসাইকেল কিনে বাড়িতে ফেলে রাখলেও সমস্যা। কারণ দীর্ঘদিন ফেলে রাখলে ব্যাটারিসহ অন্যান্য সমস্যা হয়। এ কারণে কেউ এখন মোটর সাইকেল কিনছে না।
 রাজবাড়ী পলাশ ফিলিং স্টেশনের ক্যাশিয়ার বিপুল কুমার বৈদ্য বলেন, আমরা ডিপো থেকে কাঙ্খিত পরিমাণে তেল পাচ্ছি না। যার কারণে গ্রাহক পর্যায়েও আমরা সরবরাহ করতে পারছি না। আমার দৈনিক ৮/৯ হাজার লিটার অকটেন ও পেট্রোলের চাহিদা থাকলেও ডিপো থেকে আমাকে দেওয়া হচ্ছে ২ হাজার লিটার। এই ২হাজার লিটার দিয়ে আমি কিভাবে গ্রাহকদের চাহিদা মেটাবো।
 বিআরটিএ রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত বলেন, মোটর সাইকেল রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করতে নতুন করে কোন চাপ পড়ছেনা। আগের মতই স্বাভাবিক প্রক্রিয়ায় সব কিছু চলছে। যেহেতু জেলায় এখনো তেল নেওয়ার ক্ষেত্রে গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যবহার নিশ্চিত করা হয়নি সেক্ষেত্রে রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স করতে নতুন করে কোন চাপ পড়ছে না। সবকিছু আগের মতনই স্বাভাবিক রয়েছে।
 বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান বলেন, রাজবাড়ী জেলায় রেজিস্ট্রেশনকৃত বৈধ মোটর সাইকেলের সংখ্যা ৩৫ হাজার ২৬৮টি। রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেলের তথ্য আমাদের কাছে নেই। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স করার জন্য আবেদনের পরিমাণটাও অনেক কমে গেছে। গত তিন মাসে ৯৬ টি আবেদন পড়েছে।
 জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও সহকারী কমিশনার মোঃ হাফিজুর রহমান বলেন, সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও তেলের সংকট তৈরি হয়েছে। ডিপো থেকে ফিলিং স্টেশন মালিকরা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। জ্বালানি তেলের সরবরাহ, মজুদ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ পাচার, চোরাচালান প্রতিরোধে ইতিমধ্যেই রাজবাড়ী জেলার ফিলিং স্টেশনগুলোতে ১০ জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। তারা ফিলিং স্টেশনগুলো তদারকি করছেন। 

রাজবাড়ীর নতুন ডিসি  আফরোজা পারভীন
দৌলতদিয়ার ৩নং ফেরি ঘাটে বাস ডুবি ঃ জেলা  প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল
রাজবাড়ীতে তেল সংকটে নতুন মোটর সাইকেল বিক্রিতে ভাটা
সর্বশেষ সংবাদ