রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া এলাকায় বেশি দামে তেল বিক্রি করার অভিযোগে মোবাইল কোর্ট করে মেসার্স গাজী ট্রেডার্সের মালিক সবুজ গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে অভিযানে মোবাইল কোর্ট করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী।
জানা গেছে, সরকারি বিধি লংঘন করে জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহ করে প্রতি লিটার ২৫০ টাকা দরে বিক্রি করছিল ভবদিয়া এলাকার মুদি দোকানি সবুজ গাজী। এই অভিযোগের ভিত্তিতে তার দোকানে অভিযান পরিচালনা করে বেশি দামে তেল বিক্রির সত্যতা পাওয়া যায়।
এ সময় প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় অপরাধ শিকার করা মেসার্স গাজী ট্রেডার্স মালিক সোহাগ গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সরকারি বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনা এবং সরকারি নির্ধারিত মূল্যে অক্টেন, পেট্রোল ও ডিজেল জ্বালানি তেল বিক্রয়ের জন্য নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিকসহ জেলা পুলিশের টিম সহযোগিতা করে।
জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক জানান, মুদি দোকানি সবুজ গাজী মোটর সাইকেল আরোহীদের কাছ থেকে ১৭০ টাকা লিটার দরে পেট্রোল ও অকটেন সংগ্রহ করেছিল। সে সংরক্ষণ করে রাখা পেট্রোল ও অকটেন ২৫০ টাকা বিক্রি করছিল। মোবাইল কোর্টে তার জবানবন্দিতে বিষয়গুলো উঠে এসেছে।



