ঢাকা বুধবার, এপ্রিল ৮, ২০২৬
রাজবাড়ীতে তেল না পেয়ে ফিলিং স্টেশন থেকে ফিরে যাচ্ছে কৃষকরা॥ক্ষোভ প্রকাশ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০৪-০৭ ১৫:২৯:৪০

ইরান-ইসরায়েল ও আমেরিকার সংঘাতের পর সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে কৃষি খাতেও।
সেচ মৌসুমে জ্বালানি তেলের(বিশেষ করে ডিজেল) তীব্র সংকটের কারণে কৃষকরা চরম ভোগান্তিতে পড়েছে। ফিলিং স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছে কৃষকেরা।
 গতকাল ৭ই এপ্রিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকার রাজবাড়ী ফিলিং স্টেশনে অবস্থান করে এই চিত্র দেখা গেছে।
 সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী শহরের তিনটি ফিলিং স্টেশনের কোনটিরও ডিজেল তেল নেই। যার কারণে কৃষকরা এক ফিলিং স্টেশন থেকে আরেক ফিলিং স্টেশনে তেলের জন্য ঘোরাঘুরি করছে। রাজবাড়ী ফিলিং স্টেশনেও ডিজেল তেলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলো কৃষকরা। পরে সন্ধ্যার কিছুক্ষণ আগে ফিলিং স্টেশনের কর্মচারী হ্যান্ড মাইকে জানিয়ে দেয় ডিজেল নেই এবং কৃষকদের পাম্প ত্যাগ করতে বলে।
 খানগঞ্জ ইউনিয়নে কৃষক শহিদুল ইসলাম বলেন, এখন পাট লাগানোর সিজন। জমিতে পাটের বীজ বুনেছি কিন্তু বৃষ্টি না থাকায় চারা গজাচ্ছে না। এখন জমিতে সেচ দেওয়া প্রয়োজন। কিন্তু তেলের অভাবে সেটাও পারছিনা। আজ দিয়ে তিনদিন ধরে খানগঞ্জ ইউনিয়ন থেকে রাজবাড়ীতে তেলের জন্য বিভিন্ন পাম্পে ঘোরাঘুরি করছি কিন্তু তেল পাচ্ছি না। যেখানেই যাচ্ছি সেখান থেকে বলছে তেল নেই বা শেষ হয়ে গেছে। আজ ১৫ দিন যাবত এমন ভোগান্তির শিকার হতে হচ্ছে আমাদের।
 আলীপুর ইউনিয়নের কৃষক রবিউল শেখ বলেন, আমি পাওয়ার টিলার চালিয়ে জমি চাষ দিয়ে থাকি। আমার যে পরিমাণে প্রতিদিন ডিজে তেল দরকার সেই পর্যাপ্ত পরিমাণ তেল আমি পাচ্ছি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ২০ লিটার তেল লাগে। কিন্তু আমি পাচ্ছি ৫ লিটার। এতে আমার জমি চাষ দেওয়ার ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে। আজ তেল নিতে এসেছিলাম কিন্তু পাম্প জানিয়ে দেওয়া হলো আগামীকাল দেওয়া হবে।
 আরেক কৃষক কুদ্দুস ফকির বলেন, তেল সংকটের কারণে কৃষিতে অনেক ক্ষতি হবে। এখন নতুন ফসল লাগানোর মৌসুম চলছে। চৈত্র মাসের যে ফসলটা থাকে সেটা উঠিয়ে ফেলানো হয়েছে। এখন নতুন করে চাষ দিয়ে পাটের বীজ বুনতে হবে। জমি চাষাবাদের জন্য কৃষক তেল পাচ্ছেনা। আমরা তেল পাম্পে পাম্পে ঘুরলেও তেল পাচ্ছি না।
 মাহতাব উদ্দিন নামের এক কৃষক বলেন, তিন দিন ধরে আমরা পাম্পে এসে তেল পাচ্ছি না। আজকে পাম্পে এসেছিলাম কিন্তু জানিয়ে দেয়া হলো তেল নেই আগামীকাল দেওয়া হবে, তাই বাধ্য হয়ে চলে যাচ্ছি। আমার দুইটা ব্লক আছে পানি দিতে পারছি না, পাটেও পানি দিতে পারছি না। সরকার বলছে তেলের ঘাটতি নেই, কিন্তু আমরা পাম্পে এসে ফিরে যাচ্ছি। এত তেল আসে কিন্তু এই তেল কোথায় যায় এটা নিয়ে আমাদের প্রশ্ন।
 রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান বলেন, প্রকৃত যারা কৃষক রয়েছেন আমরা তাদেরকে কৃষি বিভাগ থেকে প্রত্যয়ন দিচ্ছি। এই প্রত্যয়ন নিয়ে তারা পাম্পে গেলে তেল সরবরাহ থাকা সাপেক্ষে তাদেরকে তেল দিচ্ছে পাম্প কর্তৃপক্ষ। তিনি আরও বলেন, এখন পর্যন্ত তেলের কারণে চাষাবাদে কোন প্রভাব পড়েনি।
 রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় বলেন, তেলের কালোবাজারির বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। যারা কৃষক রয়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তেল দেওয়ার জন্য ফিলিং স্টেশনগুলোকে বলা হয়েছে।

 

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীনের দায়িত্ব গ্রহণ
 রাজবাড়ীর নতুন জেলা প্রশাসককে নিজ কার্যালয়ে ফুলেল অভ্যর্থনা
সংসদ সদস্য আমির হামজার কুরুচিপূর্ণ বক্তব্যর প্রতিবাদে ফরিদপুরে মহিলা দলের মানববন্ধন
সর্বশেষ সংবাদ