ঢাকা শনিবার, মার্চ ১৪, ২০২৬
দুই বছরেও শেষ হয়নি নটাপাড়া হাটের শেড নির্মাণ কাজ॥ভোগান্তিতে ব্যবসায়ীরা
  • দেবাশীষ বিশ^াস
  • ২০২৫-১১-০৮ ১৪:১০:৫৫

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া হাটের শেড নির্মাণ কাজ শেষ হয়নি। হাটটিতে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য দোচালা টিনশেড নির্মাণকাজ শেষ হয়নি দুই বছরেও।
 হাটের শেড না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের। এতে প্রতিনিয়ত কমে যাচ্ছে হাটের ক্রেতা-বিক্রেতার সমাগম।
গতকাল ৮ই নভেম্বর দুপুরে নটাপাড়া হাটে গিয়ে দেখা যায়, বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থান থেকে অর্ধশত পাইকারি ব্যবসায়ী বিভিন্ন সবজি বিক্রির জন্য আসছে। এছাড়া জামালপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে কয়েক’শ কৃষক পরিবার তাদের জমির ফসল বিক্রির জন্য আসছেন। শেড না থাকায় ব্যবসায়ীরা নিজের মতো করে কালো তাবু টানিয়েছেন। অনেকেই রাস্তার দুপাশে বসছেন তাদের উৎপাদিত ফসল নিয়ে।
 স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার নটাপাড়া হাটটি প্রায় শত বছরের পুরাতন। হাটের পাশে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় এখানে ক্রেতা-বিক্রেতার সমাগম রয়েছে। এক সময় হাটের জায়গা দখলে ছিল। সে কারণে নটাপাড়া উচ্চ বিদ্যালয় ও নটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার হাট বসতো। পরবর্তীতে সরকার হাটের জমি উদ্ধার করে হাটের ইজারার উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৩ সালে হাটে ক্রেতা বিক্রেতার সুবিধার জন্য একটি শেড নির্মাণের উদ্যোগ নেয় জেলা পরিষদ। বর্তমানে ১৪টি পাঁকা খুটি তৈরি করে কাজ অসমাপ্ত রেখেছে জেলা পরিষদ।
 একযুগ ধরে হাটে ব্যবসা করছেন ইয়াকুব আলী। সপ্তাহে  দুইবার বিভিন্ন সবজি নিয়ে হাটে তোলেন। তিনি বলেন, এখানে ভোগান্তির শেষ নেই। বৃষ্টির দিনে সব ভেসে চলে যায়। আবার গরমের দিনে প্রচন্ড রৌদ্দুর লাগে। দ্রুত অসম্পূর্ণ শেডের নির্মাণকাজ শেষ করার পরামর্শ এই ব্যবসায়ীর।
 ব্যবসায়ী দীপঙ্কর বালা বলেন, প্রতি হাটে আমাদের ইজারা পরিশোধ করতে হয়। সরকার হাটটি বিক্রি করে রাজস্ব আদায় করেন। অথচ রোদ-বৃষ্টিতে আমাদের ভোগান্তি পোহাতে হয়। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে শেডের নির্মাণকাজ শেষ করলে মানুষের ভোগান্তি দূর হবে।
 নটাপড়া বাজার বণিক সমিতির সভাপতি টি এম মেজবা উদ্দিন বলেন, সরকার প্রতি বছর হাটের ইজারা দেয়। সরকার এখান থেকে রাজস্ব পেয়ে থাকে। হাটের শেড নির্মাণকাজটি শেষ করা প্রয়োজন।
 তিনি আরও বলেন আমরা জেলা প্রশাসকের কাছে দাবি জনাচ্ছি, তিনি যেন আমাদের হাটের শেড নির্মাণ কাজটি শেষ করার উদ্যোগ গ্রহণ করেন।
 বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, নটাপড়া হাটটি আমরা ইজারা দিয়েছি। সেখানে শেড নির্মাণ করলে সুবিধা হয় ব্যবসায়ীদের। আমি আমাদের জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসকের সাথে হাটের শেড নির্মাণের বিষয়টি নিয়ে কথা বলবো।

 

 

 কালুখালীর মৃগীতে সরকারী জমি লীজ নিয়ে বিপাকে কৃষক॥চাষে বাধা॥থানায় অভিযোগ
আরিচা-পাটুরিয়া ও দৌলতদিয়ার লঞ্চ ও ফেরী ঘাট পরিদর্শন নৌপরিবহন প্রতিমন্ত্রী
গোয়ালন্দে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
সর্বশেষ সংবাদ