রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ বলেছেন, আগামী দুর্গাপূজার আগেই তার নির্বাচনী এলাকার মন্দিরগুলোর অবকাঠামোর উন্নয়নে প্রয়াজনীয় উদ্যোগ নেওয়া হবে।
গতকাল ৮ই মার্চ রাতে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া চর ফরিদপুর সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির কর্তৃক আয়োজিত মহানামযজ্ঞানুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, আপনারা পূজা-পার্বণে আনন্দ করেন আমরাও চেষ্টা করি আপনাদের পাশে থেকে আনন্দ করার। আমি জানি আমার রাজবাড়ী-২ আসনের অনেক মন্দিরেই কাচা বা টিনের চালা দিয়ে উপাসনা কার্যক্রম চালাচ্ছেন। এসব মন্দিরের উন্নয়নের জন্য আমি উদ্যোগ নেব।
তিনি আরও বলেন, আপনারা আমাদের দলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন ১২ই ফেব্রুয়ারী। তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন আপনারা। আমাদের সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে শ্রদ্ধার চোখে দেখতেন এমনকি আমাদের প্রতি নির্দেশনা ছিলো আপনাদের বিপদে আপদে পাশে থাকা।
সংসদ সদস্য হারুন বলেন, যেহেতু আপনারা আমাদের সরকারকে ক্ষমতা এনেছেন তাই আমরা চেষ্টা করব আপনাদের এই উপাসনালয়গুলোর উন্নত করার ।
হারুন-অর রশিদ হারুন বলেন, উপাসনালয়গুলোতে যারা কাজ করে তাদেরকে এখন বেতন দেওয়া হয় যেটা আগে ছিলো না। আপনারা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করবেন যেন তারা পরপারে ভালো থাকে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য প্রার্থনা করবেন যেন তিনি সুন্দরভাবে দেশটি পরিচালনা করতে পারেন।
এ সময় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজসহ বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, জাফর আলী মিয়া, আনোয়ার হোসেন, ফরিদ আহমেদ আশিক, বাচ্চু মন্ডল সহ ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



