রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৮ই মার্চ সকাল সাড়ে ১১টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা প্রমূখ বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে’র সঞ্চালনায় সভায় সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, রাজবাড়ী সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সিফাত-ই মঞ্জুর, জেলা এনএসআই এর যুগ্ম পরিচালক এবিএম ফারুক, সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান, রাজবাড়ী জেল সুপার মোঃ এনামুল কবির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, রাজবাড়ী চেম্বার-অব কমার্স সভাপতি কাজী ইমানুল করিম ও জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগন’সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যর চোরাচালান ও অপব্যবহার রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে বাজার মনিটরিং, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, জাতীয় ভোক্তা অধিকার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যৌথ বাহিনীর পদক্ষেপ গ্রহন, চুরি-ডাকাতি রোধ, বালু মহল দুর্নীতি প্রতিরোধ, জেলার টেন্ডার নিয়ে দুর্নীতি, সন্ত্রাস প্রতিরোধ ব্যবস্থাসহ যে কোন ধরনের নাশকতামূলক কর্মকান্ড রোধকল্পে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া আসন্ন ঈদকে সামনে রেখে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা জেলার বিভিন্ন এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে মতামত প্রদান করেন।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সবসময় তৎপর রয়েছে। এছাড়াও ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তার জন্য ঘাট এলাকায় কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। যে কোন পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সবসময় সতর্ক অবস্থায় রয়েছে।
সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ বলেন, আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে শুধু আলোচনা করে তা নথিবদ্ধ করলেই চলবে না বরং গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সকল প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে।
একটি অসাধু চক্র যুদ্ধের অজুহাত দেখিয়ে বাজারে তেল ও গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধির চেষ্টা করছে। দেশে তেল ও গ্যাসের পর্যাপ্ত মজুদের পাশাপাশি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে।
তিনি সাধারণ জনগণকে অতিরিক্ত তেল ও গ্যাস মজুদ না করার আহ্বান জানান।
এ সময় জেলা প্রশাসক জেলার সকল ধরনের অপরাধ ও নাশকতামূলক কর্মকান্ড রোধকল্পে, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান।


