রাজবাড়ী জেলার পাংশা বাজারে অবস্থিত বিসমিল্লাহ টাওয়ারে দোকানের পজেশন(দখল) বুঝিয়ে না দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ১৭জন পজিশনধারী। তবে মার্কেট মালিক পক্ষ এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
গতকাল ৮ই মার্চ বিকেলে পাংশা বাজারে বিসমিল্লাহ টাওয়ার মার্কেটের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মোঃ আমিরুল ইসলাম ইকু, নিখিল সরকার, মোঃ মাখনলাল, বাবুল চৌধুরী, মোঃ আবু হানিফ সরদার, এ কে এম আব্দুল আলী, বিমল দে, সুশান্ত কুমার নাগ, মোঃ মতিয়ার রহমান, ববিতা সরকার স্বপ্না, মোঃ ইসলাম শেখ, অশিষ কুমার ভদ্র, মিরাজুল ইসলাম, বিজয় ভদ্রসহ মোট ১৭জন পজেশনধারী অভিযোগ করে বলেন, প্রয়োজনীয় দলিলপত্র ও ডিড ডকুমেন্টসহ সব কাগজপত্র থাকা সত্ত্বেও মার্কেট নির্মাণের শুরু থেকেই তাদের দোকানের পজেশন বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও প্রায় দুই বছর পার হয়ে গেলেও এখনো তা বুঝিয়ে দেওয়া হয়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, মার্কেটের অধিকাংশ দোকানের পজেশন ইতোমধ্যে বিক্রি ও বুঝিয়ে দেওয়া হলেও তাদের দোকানঘরের পজেশন এখনো দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মার্কেট মালিক পক্ষ বিভিন্ন সময় নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। এমনকি কখনো কখনো হুমকি-ধামকি ও অপমানজনক আচরণের শিকার হওয়ার অভিযোগও করেন তারা।
এ সময় তারা দ্রুত তাদের ক্রয়কৃত দোকানের পজেশন বুঝিয়ে দেওয়ার দাবি জানান। একই সঙ্গে এ বিষয়ে পাংশা বাজার বণিক সমিতির কাছেও মৌখিক ও লিখিত অভিযোগ করেছেন বলেও জানান তারা।
তবে অভিযোগ অস্বীকার করে মার্কেট মালিক পক্ষের মোঃ নিজাম বলেন, তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি দাবি করেন, অভিযোগকারীদের কাছে তারা কোনো দোকানের পজেশন বিক্রি করেননি। তবে তাদের সঙ্গে একটি চুক্তি হয়েছিল, যেখানে দোকানের নির্মাণ খরচ তারা পরিশোধ করবেন বলে কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত সেই নির্মাণ খরচ তারা পরিশোধ করেননি বলেও তিনি জানান।


